৬ ভারতীয়ের শরীরে করোনার নতুন স্ট্রেন ধরা পড়লো
দি নিউজ লায়ন ; করোনার নতুন স্ট্রেন আটাকানোর চেষ্টা করেও শেষ রক্ষা হলোনা। ৬ জনের দেহে করোনার নতুন স্ট্রেন ধরা পড়ায় দেশজুড়ে আতংক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ব্রিটেন থেকে ফিরেছিলেন ওই ৬ জন। যাদের মধ্যে ৩ জন বেঙ্গালুরুর বাসিন্দা, ২ জন হায়দারাবাদের বাসিন্দা এবং ১ জন পুনের বাসিন্দা।
তাদের ইতিমধ্যে আইসোলেশনে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেককে আলাদা আলাদা ঘরে রাখা হয়েছে। তাদের বিশেষ নজরদারিতে রেখেছেন চিকিতসকেরা। পাশাপাশি, অন্য করোনা আক্রান্তদের সঙ্গে তাদের যাতে কোনওরকম সংযোগ না ঘটে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। যাদের শরীরে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন মিলেছে তাদের সহযাত্রীদের খোঁজ চালানো হচ্ছে।
জানা গিয়েছে, গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে ভারতে ফিরেছেন ৩৩ হাজার যাত্রী। যাদের মধ্যে ১১৫ জন করোনা আক্রান্ত ছিলেন। তাদের শরীরের নমুনা ‘জিনোম সিকোয়েন্সিং’ এর জন্য পাঠানো হয়েছিলো। যারমধ্যে ৬ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন। এদিকে গতকাল সোমবার থেকে ভারতের চার রাজ্যে শুরু হয়েছে করোনা টিকার ড্রাই রান।
জানা গিয়েছে, ভারতের অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট এবং অসমে দুই দিন ধরে চলছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান। ভারত করোনার নতুন স্ট্রেন আটকানোর জন্য ইতিমধ্যে ব্রিটেন থেকে আসা সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে। কিন্ত তা সত্বেও শেষ রক্ষা হলো না। মনে করা হচ্ছে করোনার এই নতুন স্ট্রেনের ক্ষমতা আগের করোনা ভাইরাসের থেকে ৭০ শতাংশ বেশী ভয়ংকর। ব্রিটেনে প্রথম এই ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে।

Post a Comment